১১ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার

১১ হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা; যা প্রতিষ্ঠানটির মোট কর্মীসংখ্যার ১৩ শতাংশ। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এই দুঃসংবাদ দিয়েছেন। ক্রমবর্ধমান ব্যয় আর বিজ্ঞাপনের দুর্বল বাজারে ধুঁকতে থাকা ফেইসবুকের মূল কোম্পানি মেটার এই ঘোষণা চলতি বছরে প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ এক ছাঁটাইয়ের ঘটনা। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর টুইটারের হাজার হাজার কর্মীকে রাতারাতি ছাঁটাই করেছেন কয়েক দিন আগে। পাশাপাশি আরেক সফটওয়্যার জায়ান্ট কোম্পানি মাইক্রোসফটসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানি সম্প্রতি তাদের হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। আর্থিক ঝুঁকি আর মন্দা বিবেচনায় তাদের পথ অনুসরণ করে চলার ১৮ বছরের ইতিহাসে এবারই প্রথম মেটা ব্যাপকসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল।