ইনজুরির পরও ফ্রান্সের বিশ্বকাপ দলে ভারানে

ইনজুরি থেকে এখনও সেরে ওঠেননি রাফায়েল ভারানে। যাচ্ছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে নিয়েই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

দুই বড় তারকা করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপে অনুমিতভাবেই রয়েছেন দলে। টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিস রয়েছেন, এবার যিনি নিজেদের চতুর্থ বিশ্বকাপ খেলবেন।

হাঁটুর চোটে পল পগবা যে থাকছেন না এটা আগেই নিশ্চিত ছিল। এনগোলো কান্তেকে রাখা হয়নি চোট থাকায়। তবে ছাড়পত্র পেয়ে গেছেন ভারানে।

গত ২২ অক্টোবর চেলসির বিপক্ষে ইউনাইটেডের ১-১ ড্র ম্যাচে পায়ে চোট পান ভারানে। ২৯ বছর বয়সী এই ফুটবলার সেদিন মাঠ ছেড়েছিলেন কাঁদতে কাঁদতে।

২৬ জনকে নিয়ে স্কোয়াড ঘোষণার সুযোগ থাকলেও ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ২৫জনকে নিয়ে দল ঘোষণা করেছেন।

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও তিউনিশিয়া।

কাতার বিশ্বকাপে ফ্রান্স দল

গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, উইলিয়াম সালিবা, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারানে

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়েন র‍্যাবিয়ট, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত

ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোম্যান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে ও ক্রিস্তোফার এনকুনকু।