বুধবার রাতে অভিনেত্রী পরীমনির একটি স্ট্যাটাস সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে তিনি একে একে রায়হান রাফি, বিদ্যা সিনহা সাহা মিম এবং নিজের স্বামী মো. শরিফুল ইসলাম রাজকে রীতিমতো আক্রমণ করেন। প্রথমেই রায়হান রাফিকে 'সিনেমা তৈরির সাথে সাথে দালালি করেন' বলে উল্লেখ করেন পরী। এর পরই তিনি আক্রমণ করেন মিমকে। তাকে উদ্দেশ করে লেখেন- নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিৎ ছিল। আর এর প্রেক্ষিতে বিদ্যা সিনহা মিম নিজের ফেসবুকে দীর্ঘ এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মিম অভিযোগ করে বলেন, 'পরাণ' ও 'দামাল' সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। আমি আপ্লুত, অভিভূত। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এই সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে।
নিজের অবস্থান ব্যাখ্যা করে এই নায়িকা বলেন, 'পরাণ' ও 'দামাল' যে ভালোবাসা আমাকে দিচ্ছে, দেড় দশক আগে ঠিক একই রকম ভালোবাসায় সবাই আমাকে লাক্স চ্যানেল আই সুপারস্টার বানিয়েছে। সবার ভালোবাসাকে গুরুদায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমি আমার পেশাদার অভিনয়জীবন গড়ে তোলার চেষ্টা করেছি, করে যাচ্ছি, আগামীতেও করে যাব। আমি কাজ করছি বাংলাদেশে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে।
লাক্স তারকা আরো বলেন, শিক্ষক বাবার আদর্শ ও মায়ের শেখানো সততাকে সঙ্গী করে দারুণ কিছু কাজ করার চেষ্টার মধ্য দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার মন জয়ের চেষ্টা করছি প্রতিনিয়ত। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি, যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি, আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে, আমার চারপাশটা কেমন- এখন যে বা যারা কোনো ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই।
তিনি বলেন, তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব। ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের এটাও বলতে চাই, কারও কোনো ধরনের মনগড়া মিথ্যা বানোয়াট কথায় আপনারা বিভ্রান্ত হবেন না।
গণমাধ্যমের সহায়তা চেয়ে মিম বলেন, আমার এই দীর্ঘ পথচলায় সংবাদকর্মী ভাইয়েরা সব সময় আন্তরিক সহযোগিতা করেছেন। আপনারাই আমার যাবতীয় কাজ, ভাবনা-চিন্তা সঠিক ও সুন্দরভাবে ভক্ত-শুভাকাঙ্খিসহ দেশ-বিদেশের সবার কাছে তুলে ধরেছেন। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, কোনো ধরণের সত্যতা যাচাই বাছাই না করে বিভ্রান্তিকর কোনো খবর ছড়াবেন না।
মিথ্যা খবর ছড়ালে অনলাইন পোর্টাল ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জানিয়ে মিম বলেন, কোনো ইউটিউব কিংবা পোর্টাল যদি আমাকে জড়িয়ে কোনো ধরণের ভিত্তিহীন খবর ছড়ানোর চেষ্ট করে তাহলে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবো।