কোটি যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেবে: শওকত

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের যুবলীগ আয়োজিত মহাসমাবেশে কোটি যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেবে বলে জানিয়েছেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী। 

বৃহস্পতিবার সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সভাপতি শেখ ফজলে শামস পরশের ছোঁয়ায় যুবলীগ মণি খুঁজে পেয়েছে।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১১ নভেম্বর) আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানান, ওইদিন বেলা আড়াইটা থেকে যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশের যেকোনো সংকটে মুখ্য ভূমিকা পালন করে।

রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে শেখ ফজলে শামস পরশ বলেন, যুবলীগ নেতাকর্মীরা বিএনপি-জামায়াত ও তাদের অনুসারীরা যদি রাজপথে নৈরাজ্য করার চেষ্টা করে তবে তা প্রতিহত করা হবে।