ফরিদপুরে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা

ফরিদপুরে শনিবার (১২ নভেম্বরের) বিভাগীয় সমাবেশে অংশ নিতে প্রথম দল হিসেবে শরিয়তপুর থেকে কয়েক শ নেতাকর্মী ফরিদপুরের কোমরপুরে জনসভাস্থল আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে পৌঁছেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদারের নেতৃত্বে বুধবার রাত ১০টার দিকে তারা সমাবেশস্থলে এসে পৌঁছান।

শরিয়তপুর জেলা বিএনপির সদস্য গাউসুর রহমান জানান, রাত ৮টার দিকে তারা চারটি ট্রাকযোগে শরিয়তপুর থেকে রওনা দিয়ে রাত ১০টার দিকে গণসমাবেশ স্থলে এসে পৌঁছান। তাদের সঙ্গে খোকন তালুকদার ছাড়াও শরিয়তপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহানদার আলীসহ নেতাকর্মীরা রয়েছেন।

বিএনপি নেতা খোকন তালুকদার জানান, প্রথম দল হিসেবে রাতে শরিয়তপুর নেতাকর্মীদের একটি অংশ এখানে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে আরো নেতারা আসবেন। প্রায় ৫/৬ হাজার নেতাকর্মী শরিয়তপুর জেলা থেকে গণসমাবেশে যোগ দেবেন। শরিয়তপুরের নেতাকর্মীরা জনসভাস্থলেই রাত যাপন করছেন।

ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ ইসলাম জানান, সরকার এই গণসমাবেশে আসা জনস্রোত বাধাগ্রস্ত করতে নানাভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। এ জন্য নেতাকর্মীরা আগেভাগেই সমাবেশ স্থলে আসছেন।

সারা দেশে বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়ক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এর আগে সাংবাদিকদের জানিয়েছেন, ১২ নভেম্বর বেলা ১১টায় গণসমাবেশ শুরু হবে। তবে যেহেতু পথে পথে নানা বাধা এবং গণসমাবেশে জনসমাগম সংকুচিত করতে সরকার বিঘ্ন ঘটাচ্ছে তাই নির্ধারিত সময়ের আগে থেকেই এই গণসমাবেশ চলবে।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলবে ফরিদপুরের এই বিভাগীয় গণসমাবেশ। এরপর প্রথম ধাপের কর্মসূচি শেষে ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশের মাধ্যমে দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, সমাবেশকে ঘিরে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের নিরাপত্তা ও ট্রাফিক দায়িত্ব নির্বিঘ্ন রাখতে পুলিশ কাজ করছে।