বিয়ের দেড় মাস

বিদ্যুৎস্পর্শে কেরানীগঞ্জে দম্পতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার রাত ১২টার দিকে শাক্তা ইউনিয়নের আঁটিবাজার সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসমাইল হোসেন (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)। ইসমাইল কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার মো. আলীর ছেলে। তিনি আঁটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

প্রতিবেশী ফারুক আহমেদ বলেন, দেড় মাস আগে ইসমাইল ও কাজলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা এ বাড়িতেই থাকতেন। আমাদের ফ্ল্যাটের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের এসটি লাইন রয়েছে। রাতের বেলা এ দুর্ঘটনা ঘটে। ভবন মালিক সুজনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, লোকমুখে শুনেছি, তারা নাকি স্টিলের পাইপ দিয়ে এসটি তার থেকে কিছু একটা আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।