বিএনপির বিভিন্ন সমাবেশ ও কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দলটির কর্মীরা মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ। গতকাল বৃহস্পতিবার তিনি জানান, গত বুধবার আলাদা অভিযান চালিয়ে চুরির অভিযোগে বিএনপির এমন পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ১৮টি মোবাইল ফোন।
ডিবিপ্রধান বলেন, ‘আমরা একটি চোর বা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছি। বিএনপির যত জনসমাবেশ হয় তারা সেখানে যায়। তারা স্বীকার করেছেন, তারা বিএনপির কর্মী। সমাবেশ থেকে ফেরার পথে চক্রটি রাজধানীতে চুরি-ছিনতাই করত।’
গ্রেপ্তারদের দলীয় কোনো পদ-পদবি আছে কি না জানতে চাইলে হারুন বলেন, ‘না তাদের পদ-পদবি নেই। তবে তারা বিএনপির কর্মী। তাদের টাকা দরকার ছিল বলে তারা ছিনতাই করছিল।’