বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় একটি মেস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মেসবাউল জারিফ অর্ঘ্য। গত বুধবার রাত ১২টার দিকে ‘মোস্তাফিজ ভিলা’ নামে ওই মেসের তৃতীয় তলা থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) এলএলবি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে।

পুলিশ জানায়, অর্ঘ্য বুধবার বিকেল থেকে দরজা বন্ধ করে ঘরে ছিলেন। বন্ধুরা তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে সেখানে যান। পরে বাড়ির মালিকসহ গিয়ে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।