ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা পেতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। তবে তাকে অধিনায়ক করেই বিশ্বকাপে যাচ্ছে পর্তুগাল।
কাতার বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেন ফার্নান্দো সান্তোস। অভিজ্ঞ ও নিয়মিত মুখদের প্রায় সবাই ডাক পেয়েছেন দলে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপেও আছেন।
রোনালদোসহ ইংলিশ প্রিমিয়ার লিগের মোট দশ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন পর্তুগালের বিশ্বকাপে দলে।
চোটের কারণে নেই লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা। পিএসজির মিডফিল্ডার রেনাতো সানচেস, উলভস মিডফিল্ডার জোয়াও মুতিনিও ডাক পাননি। গনসালো গেদেসকেও ডাকেননি সান্তোস। সুযোগ দেওয়া হয়েছে ১৯ বছর বয়সী বেনফিকা সেন্টার ব্যাক আন্তনিও সিলভাকে।
বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে রয়েছে পতুর্গাল। ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দলটি। এরপর ২৮ নভেম্বর উরুগুয়ে এবং ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচ রোনালদোদের।
কাতার বিশ্বকাপে পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), রুই পাত্রিসিও (রোমা), জোসে সা (উলভারহাম্পটন)
ডিফেন্ডার: দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), দানিলো পেরেইরা (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি), আন্তনিও সিলভা (বেনফিকা), নুনো মেন্দেস (পিএসজি), রাফায়েল গেরেইরো (বরুশিয়া ডর্টমুন্ড)
মিডফিল্ডার: রুবেন নেভেস (উলভারহাম্পটন), জোয়াও পালিয়ানিয়া (ফুলহাম), উইলিয়াম কারভালিও (রিয়াল বেতিস), ব্রুনো ফার্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), ভিতিনিয়া (পিএসজি), ওতাভিও (পোর্তো), জোয়াও মারিও (বেনফিকা), মাথিউস নুনেস (উলভারহাম্পটন), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল লিয়াও (এসি মিলান), জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ), রিকার্দো হোর্তা (ব্রাগ), গোনসালো রামোস (বেনফিকা), , আন্দ্রে সিলভা (আরবি লাইপজিগ)