এবার বাংলাদেশকে রুখে নেপালের মেয়েরা সেরা

দুই মাস আগে নেপালকে হারিয়ে মেয়েদের সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ঘরের মাঠে নেপালকে ডুবতে হয়েছিল হতাশায়। মেয়েদের অনুর্ধ্ব-১৫ সাফের গল্পটা ঠিক উল্টো হলো। স্বাগতিক বাংলাদেশকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে শিরোপা ঘরে তুলল নেপাল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশকে ১-১ গোলে রুখে দেয় নেপাল।

লিগ ভিত্তিক আসরে চ্যাম্পিয়ন হতে এক পয়েন্ট হলেই হতো নেপালের। বাংলাদেশের প্রয়োজন ছিল তিন পয়েন্ট। কিন্তু সেটা করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশের পক্ষে গোলটি করেছেন রুমা আক্তার। নেপালের গোলটি সমীক্ষা মাগারের। শেষ দিকে জয়ের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। কিন্তু পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি জয়নব বিবি।

তিন দলের টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়েছে দুইবার করে। চার ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন নেপাল। বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ।

২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে তারা হারিয়েছিল ভারতকে। পরের দুইবার ফাইনালে উঠেও বাংলাদেশ হেরে গেছে ভারতের কাছে। এবারও গল্পটা বদলালো না। ফের রানার্সআপ হতে হলো।