উত্তর প্রদেশে সন্ধ্যা ৭টার পর মেয়েরা নিরাপদ নয়!

'উত্তর প্রদেশের মতো রাজ্যে সন্ধ্যা ৭টার পর মেয়েরা বাড়ির বাইরে বের হতে ভয় পায়'- এমনই মন্তব্য শোনা গেল প্রিয়াঙ্কা চোপড়ার মুখে। দেশে ফিরে দুদিনের জন্য লখনউ সফরে যান অভিনেত্রী। সেই সময়ের একটি ভিডিও আপলোড করেন তিনি। তাতেই নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন প্রিয়াঙ্কা।

উত্তর প্রদেশে গিয়ে যোগী আদিত্যনাথের প্রশংসা করেছিলেন প্রিয়াঙ্কা। মুখ্যমন্ত্রী যোগীর শাসনকালেই সে রাজ্যে নারীদের পরিস্থিতি ভালো হয়েছে। এমনটাই জানিয়েছিলেন বলিউডের 'দেশি গার্ল'। এই পরিবর্তন দরকার ছিল বলেই মন্তব্য করেছিলেন তিনি। উত্তর প্রদেশের উইমেন পাওয়ার লাইনের অফিসেও গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই ভিডিও বৃহস্পতিবার আপলোড করেছেন। ভিডিওয় নারী সুরক্ষা নিয়ে উত্তর প্রদেশ পুলিশের নারী ও সুরক্ষা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) নীরা রাওয়াতের সঙ্গে কথা বলছিলেন অভিনেত্রী।

কথার ফাঁকেই নীরা রাওয়াতকে প্রিয়াঙ্কা বলেন, 'একটা বিষয়ে একটু জানান, উত্তর প্রদেশের মতো এক রাজ্য… মানে আমিও লখনউয়ে বড় হয়েছি… একটা ভয় তো লেগেই থাকে… মানে সন্ধ্যা ৭টার পর মেয়েরা বাড়ির বাইরে বের হতে ভয় পায়।' প্রিয়াঙ্কার এই কথা শুনেই তাকে এ সংক্রান্ত তথ্য দেখার প্রস্তাব দেন পুলিশ কর্তা। এরপরই নারী ও শিশুদের সুরক্ষার ক্ষেত্রে তারা কিভাবে কাজ করছেন তা ঘুরে ঘুরে দেখান।

উল্লেখ্য, ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হয়েই উত্তর প্রদেশ সফরে যান প্রিয়াঙ্কা। সেই সফরেরই অঙ্গ হিসেবে উত্তর প্রদেশের উইমেন পাওয়ার লাইনের অফিস ঘুরে দেখেন। যার ভিডিও আপলোড করেছেন সোশাল মিডিয়ায়। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন নারী ও শিশুদের সুরক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। তা নিয়ে এখনও অনেক অনেক কাজ করা বাকি। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস