রামোস নেই মানে আছেন

স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন টানা ১০ আন্তর্জাতিক আসরে। সার্জিও রামোস ছিলেন স্প্যানিশ রক্ষণদুর্গের অতন্দ্র প্রহরী ও দলনেতা। কিন্তু বয়স শেষ পর্যন্ত সবই কেড়ে নেয়। ২০২০ ইউরোতে (২০২১ সালে) স্প্যানিশ দলে ঠাঁই হয়নি রামোসের, ২০০৬ থেকে স্পেনের হয়ে সব বিশ্বকাপেই খেলা এই ডিফেন্ডার জায়গা হারিয়েছেন কাতারের ফ্লাইটে। অন্যদিকে বায়ার্ন মিউনিখের হয়ে সবশেষ ম্যাচে চোটগ্রস্ত হয়ে মাঠ ছাড়লেও সাদিও মানেকে বিশ্বকাপের দলে রেখেছে সেনেগাল। জন্মদিনে শুভেচ্ছাবার্তার পাশাপাশি লুই ফন গালের কাছ থেকে বিশ্বকাপে খেলার ডাকও নিশ্চয়ই প্রত্যাশা করেছিলেন জিওর্জিও উইনাল্ডাম। কিন্তু রোমার এই মিডফিল্ডারকে ছাড়াই বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসের ২৬ ফুটবলারের নাম ঘোষণা করেছেন ফন গাল।

রামোস রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে পা রাখার পর থেকেই জাতীয় দলে হয়েছেন অনিয়মিত। বয়স ৩৬ ছাড়িয়েছে। লুইস এনরিকে স্প্যানিশ দলের কোচ হওয়ার পর রামোসের জন্য জাতীয় দলে জায়গা পাওয়াটা কঠিন হয়েই উঠেছিল। ২০০৪ সালের ইউরোতে জাতীয় দলে ছিলেন, এরপর ২০২১ সালে এসে প্রথম কোনো বড় আসরে জাতীয় দল থেকে বাদ পড়েন রামোস। ছিলেন না সবশেষ আসরের ইউরোতে, এবার নেই বিশ্বকাপেও। নেই ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দি গিয়াও।

কাল এনরিকে ঘোষণা করেছেন কাতার বিশ্বকাপের স্পেন দল। বার্সেলোনার উঠতি বিস্ময় আনসু ফাতিকে দলে রেখেছেন। স্পেন দলে রিয়াল মাদ্রিদের মাত্র ২ জন দানি কারভাহাল আর মার্কো আসেনসিও। বার্সেলোনার আছেন ৭ জন, আতলেতিকো মাদ্রিদের ৩ জন আর ভিয়ারিয়াল ও ভ্যালেন্সিয়ার ২ জন করে।

নভেম্বরের ১৪ তারিখে স্পেনে ক্যাম্প শুরু হবে ‘লা ফিউরিয়া রোজা’দের। সেদিন মূলত রিপোর্টিং, পরদিন দল যাবে আম্মান। নভেম্বরের ১৭ তারিখে জর্ডানের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। ১৮ তারিখে স্পেন দল পৌঁছাবে দোহাতে, ২৩ নভেম্বর বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচ কোস্টারিকার বিপক্ষে।

শুক্রবার কাতার বিশ্বকাপের জন্য সেনেগাল দল ঘোষণা করেছেন অ্যালিউ সিসে। চোটগ্রস্ত সাদিও মানের নাম দলে রেখেছেন জাতীয় দলের কোচ। ‘আমি তাকে দলে রাখাটাই ঠিক মনে করছি। সাদিও মানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। আশা করছি দুই থেকে তিন সপ্তাহে সে সেরে উঠবে, আমরা মানের সেরে ওঠার জন্য যা দরকার করব’ বলেছেন সিসে।

সেনেগালের সঙ্গে একই গ্রুপে নেদারল্যান্ডস। ফন গালও দল দিয়েছেন শুক্রবার। পিএসজির উঠতি তারকা জাভি সিমনস ডাক পেয়েছেন দলে। দল ঘোষণার দিনেই ফন গাল জানিয়ে দিয়েছেন চোটের কারণে সেনেগালের বিপক্ষে প্রথম ম্যাচেই খেলা হবে না মেমফিস ডিপের, তার সম্ভাব্য বিকল্প ভিনসেন্ট ইয়ানসেন।

স্পেন দল

গোলরক্ষক : উনাই সিমন, রবার্তো সানচেস, দাভিদ রায়া।

রক্ষণভাগ : দানি কারভাহাল, উগো গুইয়ামন, জর্দি আলবা, চেজারে আসপিলিকুয়েতা, পাউ তোরেস, হোসে লুইস গায়া, এরিক গার্সিয়া, এমেরিক লাপোর্তা।

মাঝমাঠ : সার্জিও বুসকেটস, কার্লোস সোলের, কোকে, রদরিগো, মার্ক লরেন্তে, গাভি, পেদ্রি।

আক্রমণভাগ : ফেরান তোরেস, আলভারো মোরাতা, দানিয়েল ওলমো, নিক উইলিয়ামস, মার্কো আসেনসিও, আনসু ফাতি, পল সারাবিয়া, ইয়েরেমি পিনো।

নেদারল্যান্ডস স্কোয়াড

গোলরক্ষক : জাস্টিন বিজলো, আন্দ্রিয়েস নোপার্ট, রেমকো পাসভির।

রক্ষণভাগ : ভার্জিল ফন ডাইক, নাথান একে, ডেলি ব্লিন্ড, টিম্বার, ডেনজেল ডামফ্রিস, জেরেমি ফ্রিম্পং, ম্যাতিয়াস ডি লিখট, টাইরেল ম্যালাসিয়া, স্টেফান ডি ভ্রজ।

মাঝমাঠ : ফ্র্যাঙ্কি ডি ইয়ং, স্টিভেন বার্ঘুইস, ডেভি ক্লাসেন, টিউন কুপমেইনার্স, মার্টেন ডি রুন, কেনেথ টেলর, জাভি সিমন্স।

আক্রমণভাগ : মেম্ফিস ডিপে, স্টিভেন বার্জউইন, কোডি গাকপো, ভিনসেন্ট জ্যানসেন, লুক ডি ইয়ং, নোয়া ল্যাং, ওয়েগহর্স্ট।