বিশ্বকাপের আগে মিলিতাওয়ের গোল

বৃহস্পতিবার রাতে রিয়াল মাদ্রিদ-কাদিজ ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ বিরতিতে গেল লা লিগা। আগের ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে হেরে যাওয়া রিয়াল এই ম্যাচে জয়ে ফিরেছে।  রিয়ালের জয়ে স্বস্তি পেতে পারেন ব্রাজিল সমর্থকরাও। রক্ষণ সামলে গোলও করেছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকা ডিফেন্ডার এদের মিলিতাও।

রিয়ালের হয়ে এদিন ম্যাচ খেলেছেন নিজ নিজ দেশের বিশ্বকাপ দলে থাকা অন্তত আট খেলোয়াড়। কাদিজের বিপক্ষে ৬৭ শতাংশ বলের দখল রেখে ১৮টি শট নিয়েছেন লস ব্লাঙ্কোসরা। তবে রিয়াল প্রথম গোলটি পায় ৪০ মিনিটে। টনি ক্রুসের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মিলিতাও। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেই ক্রুস। ৮১ মিনিটে গোল শোধ দেন লুকাস পেজের।

এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের বিরতি শুরু হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ‘এই বিরতিটা আমরা ভালোভাবেই গ্রহণ করছি, এ ছাড়া আর কোনো বিকল্প ছিল না।’

এই জয়ে ১৪ ম্যাচ শেষে ১১ জয়, ২ ড্র ও ১ হারে রিয়ালের পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ১২ জয়, ১ ড্র ও ১ হারে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।