সাধারণ আনসার (পুরুষ) পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সম্প্রতি বাহিনীটি অস্থায়ী ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা ১৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। জেলাভেদে রেঞ্জভিত্তিক প্রার্থী বাছাই হবে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আনসার-ভিডিপি একাডেমিতে (গাজীপুর) ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নিতে হবে। নিয়োগপ্রাপ্ত সাধারণ আনসার সদস্যদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মহানগরীর ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণপরিবহন, রেলস্টেশন এবং অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে জেএসসি বা অষ্টম শ্রেণি পাস প্রার্থীর বয়সসীমা হতে হবে ৬ থেকে ১২ নভেম্বর তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩০ ইঞ্চি বাই ৩২ ইঞ্চি থাকতে হবে। দৃষ্টিশক্তি থাকতে হবে ৬ বাই ৬। অধিক উচ্চতাসম্পন্ন, শহীদ পরিবারের সদস্য, ক্রীড়া ও সংস্কৃতিতে যোগ্য প্রার্থী এবং আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে সাধারণ আনসার সদস্যদের মাসিক বেতন সমতল এলাকায় ১৬ হাজার ২০০ টাকা আর পার্বত্য এলাকায় ১৭ হাজার ৪০০ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব ভাতা পাবে ১০ হাজার টাকা করে। ভর্তুকি মূল্যে দুই ইউনিট রেশন সুবিধার পাশাপাশি কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে ছয় লাখ টাকা এবং স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করলে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে।
আগ্রহী প্রার্থীদের আনসার-ভিডিপির এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।