কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০২৩ সালে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হবে।
শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নটর ডেম কলেজ মাঠে কারিতাস বাংলাদেশের সুবর্ণজয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আগামী ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচন শান্তিপূর্ণ হবে। যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে।
তিনি বলেন, দেশে কিছু বড় রাজনৈতিক দল হুমকি দিচ্ছে আন্দোলন করবে, সংগ্রাম করবে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি তৈরির জন্য। এটা নির্বাচিত সরকার। আমাদের মৌলিক দায়িত্ব দেশে শান্তি বজায় রাখা।
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপর থেকেই এ অপশক্তি, অসাংবিধানিক শক্তি, স্বৈরাচাররা দেশ পরিচালিত করে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করার চেষ্টা করে। যে ধারায় পাকিস্তান চলত, সেই ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার বিরুদ্ধে আমরা সংগ্রাম-লড়াই করছি।