হাতিরঝিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে লেকের মহানগর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল লাল-সাদা চেক শার্ট ও কালো ফুল প্যান্ট।

তিনি বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে জানা গেছে ওই যুবক সাড়ে ১২টার দিকে লেকের ব্রিজ থেকে পানিতে লাফ দেন। দু’ছেলে তখন এটি দেখতে পেয়ে স্থানীয় সিকিউরিটি গার্ডকে জানান। এরপর তারা থানায় খবর দেন।

তিনি জানান, ওই যুবকের নাম-ঠিকানা এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইম সিমকে খবর দিয়েছি। ফিঙার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।