পরী-মিম দ্বন্দ্বে মুখ খুললেন জায়েদ খান

'ব্যক্তিজীবনের কথা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষে নই'

চিত্রনায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিমের মধ্যে দ্বন্দ্ব সম্প্রতি বিনোদনপাড়ার সবচেয়ে আলোচিত বিষয়। পরীর স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে মিমের 'অতি মাখামাখি' পছন্দ করছেন না পরী, সেটা প্রকাশ্যে জানান পরী। এবার এই ইস্যুতে উপদেশ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা ও চিত্রনায়ক জায়েদ খান।

গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে 'গ্রেটার ময়মনসিংহ এসএসসি-৯২ ব্যাচ' আয়োজিত নবান্ন উৎসবে চলচ্চিত্র শিল্পী সমিতির এই নেতা বলেন, 'তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। না হলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।'

তিনি আরও বলেন, 'শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষপাতী আমি না। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি কখনও ফেসবুকে লাইভে এসে তা বলিনি। কারণ, এটা মানুষ হাসানো ছাড়া আর কোনও সমাধান দিতে পারবে না। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা, সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে দেওয়া উচিত।'