সাউথামপটনের জালে লিভারপুলের তিন গোল

বিশ্বকাপের বাকি আর মাত্র ৮ দিন। তার আগে আজই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ। ঘরের মাঠ অ্যানফিল্ডে সাউথামপটনের বিপক্ষে মুখোমুখি হয়েছিল লিভারপুল। ফিরিমিনোর সঙ্গে নানেজের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে মোহাম্মদ সালাহর দল।

শুরু থেকেই খেলা জমে উঠেছিল। মাত্র ৬ মিনিটেই ব্রাজিলয়ান তারকা ফিরিমিনো যখন সাউথামপটনের জালে বল জড়ান তখনই, ম্যাচে উত্তেজনা ছড়ায়। সেই গোলের রেশ কাটতে না কাটতেই গোল শোধ করে প্রতিপক্ষ। চে অ্যাডামস লিভারপুলের জালে বল জড়ালে খেলায় ফিরে সমতা। 

তবে সমতায় বেশিক্ষণ থাকতে হয়নি লিভারপুলকে। প্রথমার্ধেই তারা ব্যবধান দিগুণ করে ফেলে। ২১ ও ৪২ মিনিটের সময় দারউইন নানেজ গোল করে এগিয়ে দেন দলকে। ৩-১ এর ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। পরে দুই দল একাধিকবার সুযোগ পেলেও কেউ আর গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে যাওয়া ব্যবধানেই খেলা শেষ হয়। 

তবে ম্যাচের পুরোটা সময়জুড়ে দাপট দেখিয়েছে লিভারপুল। মোট ম্যাচের ৬১ শতাংশ সময় তাদের পায়েই বল। সাউথামপটনের জালের দিকে ৯ বার লক্ষ্য করে শট দিয়েছে লিভারপুল। তবে ফিরিমিনোদের দিকে তা সাউথামপটন পেরেছে পাঁচবার। দুই দলই আটবার করে ফাউল করেছে, তবে সাউথামপটন দুটি হলুদ কার্ডের দেখা পেলেও লিভারপুল ছিল কার্ডমুক্ত।