নতুন করে করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হওয়া ছাড়াই একটি দিন গেছে চট্টগ্রামে। গত ১৮ আগস্টের পর এমন করোনাশূন্য দিন আর যায়নি। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৭টি ল্যাবে ৭৯ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে কারও নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এর আগে সর্বশেষ গত ১৮ আগস্ট করোনা শনাক্তবিহীন দিন পার করেছিলাম আমরা। এর ২ মাস ২৪ দিন পর আবারও এমন একটি দিন গেল।’ তিনি জানান, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এ পর্যন্ত মোট ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৬৭ জন।