সংবাদ সম্মেলনে রিজভী

ছাত্রলীগ, যুবলীগকে খুনি বাহিনী হিসেবে তৈরি করেছে সরকার

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম ভুইয়া তানুকে আওয়ামী দুষ্কৃতকারীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলার ধ্বজাধারীরা সরকারের প্রাইভেট বাহিনীর ভূমিকা পালনে ব্যস্ত। আর সারা দেশে বিভিন্ন জনপদে ছাত্রলীগ, যুবলীগকে খুনি বাহিনী হিসেবে তৈরি করেছে সরকার।’ গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাস ও অপকীর্তির শেষ নেই। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে ওরা রক্তাক্ত পথে হাঁটছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার রাতে তানুকে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের হত্যার বীরত্বে আওয়ামী শাসকগোষ্ঠী দারুণ উল্লসিত ও উত্তেজিত।’

তিনি বলেন, ‘নির্বিচারে গ্রেপ্তার, ব্যাপকভাবে নির্যাতন, নারকীয় অত্যাচার এবং ভয়ংকর আতঙ্ক সৃষ্টিকারী গুমের নীতির ওপর দেশ চালাচ্ছে অবৈধ সরকার। এক শ^াসরুদ্ধকর গুমোট পরিবেশের মধ্যে গোটা জাতি হাঁসফাঁস করছে। দেশে এখন জঙ্গলের রাজত্ব কায়েম করা হয়েছে।