রসিকে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মোস্তফা

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। 

রোববার (১৩ নভেম্বর) দুপুরে পার্টির বনানী অফিসে দলের চেয়ারম্যানের পক্ষে মহাসচিব মজিবুল হক চুন্নু তাকে মনোনয়ন দেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে মনোনয়ন গ্রহণ করেন দলের ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইয়াসীর এবং সদস্য সচিব আনিসুর রহমান আনিস।

বিষয়টি নিশ্চিত করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান আনিস বলেন, রংপুরে একাধিক সভা-সমাবেশে বর্তমান সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন জাপা চেয়ারম্যান ও মহাসচিব। সবশেষ গত ২৫ অক্টোবর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত মহানগর জাপার সম্মেলনে মোস্তফাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

মনোনয়ন পেয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর জাতীয় পার্টির দূর্গ। আগের যেকোনো সময়ের চেয়ে রংপুরে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত। 

তিনি আরও বলেন, আশা করছি, যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়, প্রশাসন নিরপেক্ষ হয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে, তাহলে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত।