শ্রীপুরে কীটনাশক খেয়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ক্ষেতে ব্যবহৃত বাড়িতে রাখা কীটনাশক খেয়ে আবদুল্লাহ (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ভুলবশত কীটনাশক খেয়ে ফেললে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।

আজ রবিবার সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের হায়াতখার চালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামে আকরাম হোসেন ও ময়না দম্পতির সন্তান।

নিহত শিশুর স্বজনরা জানান, আজ সকালে বাড়িতে খেলছিল আবদুল্লাহ। এ সময় অন্যরা বাড়িতে অন্য কাজে ব্যস্ত ছিল।

খেলতে গিয়ে হাতের কাছে কীটনাশকের প্যাকেট পেয়ে তা থেকে বেশ কিছু কীটনাশক খেয়ে ফেলে সে। পরে তার (শিশুর) কান্না দেখে তার মাসহ অন্যরা টের পায় যে শিশু আবদুল্লাহ বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে। তার মুখে গন্ধ পাওয়া যায়।

পরে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

গোসিংগা ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান বাবু জানান, শিশুটি খেলতে গিয়ে কীটনাশক খেয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম জানান, আমাদের কাছে শিশু মৃত্যুর এমন কোনো খবর কেউ দেয়নি। আমরা খোঁজ নিয়ে বিষয়টি জানতে চেষ্টা করছি। পরে স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।