মোটা টাকা পারিশ্রমিক না পাওয়ায় 'হেরা ফেরি ৩' সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয় কুমার- এমনই গুঞ্জনে সরগরম সোশাল মিডিয়া। অক্ষয়ের বদলে জনপ্রিয় এই সিনেমার ফ্র্যাঞ্চাইজির নতুন নায়ক হিসেবে কার্তিক আরিয়ানের নাম শোনা যাচ্ছে। তাতে আবার কিছু লোকের আপত্তি। তা নিয়ে বিস্তর বিতর্ক। সমস্ত কিছু নিয়ে এবার মুখ খুললেন বলিউড 'খিলাড়ি'।
২০০০ সালে মুক্তি পেয়েছিল 'হেরা ফেরি'। তারপরে ২০০৬ সালে মুক্তি পায় 'হেরা ফেরি ২'। এ দুটি ছবিই ব্যাপক জনপ্রিয় হয়। অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় মন কেড়ে নেয় সিনেপ্রেমীদের। ছবির তৃতীয় সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। সম্প্রতি পরেশ রাওয়াল, সুনীল শেঠিকে নিয়ে 'হেরা ফেরি ৩' ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছিল। তবে নতুন এই ছবিতে অক্ষয় থাকবেন কি-না, সে প্রশ্ন বহুদিনের।
সম্প্রতি আবার এক সোশাল মিডিয়া ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে টুইটারে পরেশ রাওয়াল আভাস দেন, 'হেরা ফেরি ৩' সিনেমায় থাকবেন কার্তিক আরিয়ান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সোশাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। টুইটারে ট্রেন্ডিং হয় 'নো অক্ষয় নো হেরা ফেরি' হ্যাশট্যাগ। এমন পরিস্থিতিতে শোনা যায়, 'হেরা ফেরি ৩' সিনেমায় অভিনয় করার জন্য নাকি ৯০ কোটি পারিশ্রমিক চেয়েছিলেন অক্ষয়। পাশাপাশি লভ্যাংশও দাবি করেন। তা না পাওয়ায় ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। অক্ষয়ের বদলে ৩০ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে নায়ক হিসেবে নেওয়া হয় কার্তিক আরিয়ানকে।
একটি জাতীয় ভারতীয় দৈনিককে এ বিষয়ে অক্ষয় জানান, 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে তিনি অভিনয় করছেন না। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তরে বলিউডের 'খিলাড়ি' জানান, ছবির চিত্রনাট্য তার পছন্দ হয়নি সে কারণেই অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। অবশ্য কারণ যাই হোক চলতি বছরের শেষেই নতুন ছবির শুটিং শুরু হচ্ছে বলেই খবর। সূত্র : ইন্ডিয়া টুডে