স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগ চালিয়েছে অভিযোগ করে ক্ষোভ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের দিয়ে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জুলুম-নির্যাতনের নির্দয় ও অমানবিক খেলা যেন থামছেই না।
তিনি বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল-বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে এবং দেশব্যাপী ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণে রাখাটাই এখন আওয়ামী সরকারের মূল লক্ষ্যে পরিণত হয়েছে।
রোববার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়িতে তাকে না পেয়ে তার বয়োবৃদ্ধ বাবা এবং নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণসহ নানাভাবে হুমকি দিচ্ছে।
এ অভিযোগ এনে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।
তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের কোনো গণভিত্তি নেই, আর এজন্য সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে।তাকে বাসায় না পেয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপির জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে হিতাহিত জ্ঞানশুণ্য হয়ে, বিএনপিকে দুর্বল করার জন্য নেতাকর্মীদেরকে নানা উপায়ে হয়রানী করা হচ্ছে। বর্তমান ভোটারবিহীন সরকার ক্ষমতার মোহে অন্ধ, বেপরোয়া ও মানবিকবোধ শুণ্য হয়ে পড়েছে। আর তাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাতে জনগণ এখন রাস্তায় নামতে শুরু করেছে। আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথেই অবস্থান করবে।