স্কুলছাত্রীর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে সামিয়া খাতুন (১৬) নামে এক ছাত্রীর ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া খাতুন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেরকান্দি মহল্লার মো. সাইদুল ইসলামের মেয়ে। সে উপজেলার তেবাড়িয়া গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের বোন সাদিয়া খাতুন জানান, শনিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে সামিয়া তাদের প্রতিবেশীর বাড়ির ফ্রিজে ভাত রাখার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল রবিবার সকালে তাদের পাশের বাড়ির এক ব্যক্তি মোবাইল ফোনে ট্রেনে কাটা এক তরুণীর মরদেহের ছবি দেখালে তিনি মরদেহটি তার বোনের বলে শনাক্ত করেন। তিনি বলেন, তার বোন আত্মহত্যা করেনি। পরিকল্পিতভাবে তার বোনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি তার বোনের হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।

কুমারখালী থানার ওসি মহসিন হোসাইন বলেন, শনিবার রাতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। গতকাল ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।