পরিচিতির মোহ কখনো পেয়ে বসেনি

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। একাধারে কাজ করছেন টিভি নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে। মুুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা ‘হাডসনের বন্দুক’। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

মূলমন্ত্র...

অভিনয় ক্যারিয়ারে পরিচিতির মোহ কখনো আমাকে পেয়ে বসেনি। সিনেমা কিংবা টিভি পর্দায় প্রতিদিন নিজেকে দেখা যাবে এমন বাসনাও ছিল না। যে জন্য কাজের সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিইনি। সেই কাজটি করতে চেয়েছি, যেটি নিজের ভালো লাগবে। এমন গল্প ও চরিত্র চেয়েছি, যা দর্শকের মনে আঁচড় কাটবে।

নয়া মানুষ...

সম্প্রতি অভিনয় করেছি ‘নয়া মানুষ’ নামে একটি চলচ্চিত্রে। আমার বিপরীতে রয়েছেন রওনক হাসান। হাসানুজ্জামানের ‘বেদনার বালুচর’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন সোহেল রানা বয়াতি। নদীর যেমন এক কূল ভেঙে অন্য কূল গড়ে, তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কী রকম সংকট বা সমস্যার সৃষ্টি হয়, সেটি নিয়েই চলচ্চিত্রের গল্প। অভিনয়ের ক্ষুধা সবসময় কাজ করে আমার মধ্যে। আসলে এমন চরিত্রে কাজ করতে চাই, যেন দর্শক সেই চরিত্রের জন্য আমাকে মনে রাখে। ‘নয়া মানুষ’ গল্পে তেমনই একটি চরিত্র পেয়েছি। এ সিনেমার সুজলা চরিত্রটি নিজের মধ্যে অনেক দিন ধারণ করেছি। একটা ঘোরের মধ্যে ছিলাম। মনে হচ্ছিল এ গল্প আমাকে করতেই হবে। শুধু চরিত্র ও গল্পের জন্যই চাঁদপুরে মেঘনার বাঁকে দুর্গম এক চরে এসে কষ্ট করেছি। শুধু দুর্গমই নয়, এর সঙ্গে যুক্ত হলো ঘূর্ণিঝড় সিত্রাং। তিন দিন ধরে বৃষ্টি! ওই সময় ৩ নম্বর সতর্ক সংকেত ছিল সেখানে। এর মধ্যে গোটা দিন আমি আর সহশিল্পী ঊষশী ভিজে ভিজে শ্যুটিং করেছি। শ্যুটিং শেষ করেই মাইক্রোতে চেপে কাঁপতে কাঁপতে ঢাকায় ফিরেছি। কী ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তা বলে বোঝানো যাবে না।

ওয়েবে...

ওয়েব মাধ্যমে নিয়মিতই কাজ করছি বলা যায়। ওয়েব ছবি ‘টেক্কা’, ওয়েব সিরিজ ‘রূপকথা নয়’সহ কয়েকটি কাজ দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেয়েছে আমার অভিনীত ছবি ‘দুই দিনের দুনিয়া’। অনম বিশ্বাস অভিনীত এ ওয়েব ছবিতে লতা চরিত্রে অভিনয় করেছি। এই কাজটিও দর্শক খুব পছন্দ করেছে। আগামী ২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আমার সিনেমা ‘হাডসনের বন্দুক’।