প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে সাজানো হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সাজানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী ৪ ডিসেম্বর বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ইতিমধ্যে প্রস্তুতি সভা করে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। নেতাকর্মীরা নিজ উদ্যোগে ইতিমধ্যেই রঙিন পোস্টার, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে নগরীকে সাজাতে শুরু করে দিয়েছেন। সিটি মেয়র রেজাউল করিমের নির্দেশনায় আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্লাইওভার থেকে এম এ মান্নান ফ্লাইওভারের মাঝের অংশটির ল্যাম্প পোস্টে দলীয় প্রতীক নৌকার আকৃতিতে এলইডি বাতি লাগানো হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘দীর্ঘ ১০ বছর পর চট্টগ্রামে কোনো জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। এ নিয়ে চট্টগ্রামের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর সবুজের মাঝেও নানা রঙের সমাবেশ ঘটাতে কাজ শুরু করেছে সিটি করপোরেশন। ২০১১ সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামের টাইগারপাসে রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্যসহ ক্রিকেটীয় আবহ সৃষ্টি করতে নগরীর বিভিন্ন স্পটে বিভিন্ন ধরনের ভাস্কর্য নির্মিত হয়েছিল, যা চট্টগ্রামের নান্দনিকতাকে আরও বাড়িয়ে তোলে এবং এখনো ভাস্কর্যগুলো চট্টগ্রামের ঐতিহ্যকে বহন করে চলেছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রং-তুলির আঁচড়ে বিবর্ণতা দূর করে নবরূপ পেতে চলেছে এসব ভাস্কর্য। রঙের পরশ লাগার আগে ভাস্কর্যগুলোতে জমে থাকা ময়লা ও অবাঞ্ছিত দাগ পরিষ্কার করতে পূর্ণোদ্যমে কাজ করছে চসিক।’ প্রধানমন্ত্রীর আগমন ও মহান বিজয় দিবস আনন্দঘন করতে নগরীর রাস্তাঘাট ও স্থাপত্যশৈলীগুলো ডিসেম্বর আসার আগেই ঝকঝকে করে তোলা হবে বলেও জানান তিনি।