বিচ্ছেদ জল্পনার মাঝেই ‘একসঙ্গে’ সানিয়া-শোয়েব!

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে সানিয়া মির্জা ও শোয়েব মালিক বিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু এর মাঝেই প্রকাশ্যে এল দু’জনের একসঙ্গে একটি পোস্টার। স্বামী শোয়েবের কাঁধে হাত রেখে হাসি মুখে দাঁড়িয়ে সানিয়া। তবে কি বিচ্ছেদের খবরটি ভুয়া? 

শনিবার রাতে ‘উর্দুফ্লিক্স’ নামে একটি ওটিটি মাধ্যমে সানিয়া ও শোয়েবের একসঙ্গে শো-য়ের ঘোষণা হয়। অনুষ্ঠানটির নাম ‘দ্য মির্জা মালিক শো’। যে দুই ব্যক্তির বিচ্ছেদ নিয়ে আলোচনা চলছে, তারা একসঙ্গে শো করবেন শুনে অবাক অনেকেই। যদিও শোনা যাচ্ছে যে, এই শো-য়ের জন্যই এখনও সরকারিভাবে বিচ্ছেদের কথা জানাচ্ছেন না দম্পতি। তাতে আইনি সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সানিয়া এবং শোয়েবের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়লেও চুপ করে রয়েছেন দুই তারকা।

তারকা দম্পতির কেউই এখনও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু তাদের বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছিলেন দু’জনেরই ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি আবার শোয়েবের ম্যানেজমেন্ট দলের সদস্যও। 

কয়েকটি সংবাদমাধ্যম সূত্রের খবর, নামপ্রকাশে অনিচ্ছুক সেই বন্ধুটি বলেছেন, দু’জনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।

সূত্রের খবর, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে। শোয়েবের অন্য কোনও নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জল্পনা। এই গুঞ্জন আরও বেড়েছিল নেটমাধ্যমে সানিয়ার কিছু পোস্টের পর।