ক্লাব ফুটবল থেকে আপাতত দেড় মাসের ছুটি। খেলোয়াড়রা বিশ্বকাপ খেলতে যে যার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলের সঙ্গে যোগ দিতে কাতারের দোহায় পৌঁছেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বার্সেলোনার প্রাক্তন এই ফরোয়ার্ড কাতারের দলীয় হোটেলে রিপোর্ট করেছেন।
দ্য প্যানিনসোলা কাতার একটি ভিডিও টুইট করেছে। সেখানে দেখা গেছে, দলের সতীর্থ ও অফিসিয়ালরা তাকে স্বাগত জানিয়েছেন। এসময় মেসির সঙ্গে তার ক্লাব সতীর্থ আরেক আর্জেন্টাইন লিয়েন্দ্রো পেরেদেসেরকেও দেখা গেছে। যিনি এই মৌসুমে পিএসজি থেকে ধারে খেলতে গেছেন জুভেন্টাসে।
আগামী সপ্তাহে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ সি-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি হিসেবে মেসিরা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন বলে জানা গেছে।
ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলতে গেছেন লিওনেল মেসি। টিওয়াইসি স্পোর্টসকে তিনি জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ।