আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স দলের মালিক মুকেশ অম্বানী। স্ত্রী নীতা অম্বানী ও ছেলেকে প্রতি ম্যাচেই গ্যালারিতে হাজির হতে দেখা যায়। ভারতের ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট আইএসএলের ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডেরও মালিক অম্বানীর সংস্থা রিলায়েন্স। এই প্রতিষ্ঠান বিদেশের খেলা জগতে প্রবেশ করেছে আগেই। তবে এবার নতুন খবর, বিশ্বের অন্যতম সেরা ফুটবল ক্লাব লিভারপুল কেনার ব্যাপারেও আগ্রহ রয়েছে তার।
ইংল্যান্ডের সংবাদপত্র ‘দ্য মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের এই কোটিপতি ব্যবসায়ী ইতিমধ্যেই ক্লাব কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়ে খোঁজখবর নিয়েছেন।
এই মুহূর্তে লিভারপুলের মালিক আমেরিকার সংস্থা ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। কিন্তু গত কয়েক দিন ধরেই ক্লাব বিক্রি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। আকর্ষণীয় প্রস্তাব নিয়ে তারা বিভিন্ন সংস্থার দরজায় দরজায় ঘুরছে। তাতেই অম্বানী আগ্রহ দেখিয়েছেন।
জানা গেছে, ৪ বিলিয়ন পাউন্ডে (ভারতীয় মুদ্রায় ৩৮ হাজার ১১৯ কোটি টাকা) লিভারপুল বিক্রি করে দিতে পারে এফএসজি। শেয়ার নয়, সরাসরি ক্লাব বিক্রি করার দিকেই আগ্রহ দেখিয়েছে তারা।
লিভারপুল কিনতে চাওয়ার পিছনে অন্য একটি কারণও রয়েছে। ভারতে ইপিএলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। ক্লাবগুলোর মধ্যে জনপ্রিয়তার নিরিখে ম্যানচেস্টার ইউনাইটেডের পরেই রয়েছে লিভারপুল। ভারতের বড় শহরের প্রায় প্রতিটিতেই লিভারপুলের একটি ফ্যান ক্লাব রয়েছে। বাংলাদেশের পার্শবর্তী দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাও তার ব্যতিক্রম নয়। ফলে লিভারপুল কিনতে পারলে ভারতের বাজার যে অনেকখানি ধরা যাবে, সেটা ভালই জানেন অম্বানী। অন্য দিকে, ভারতের এই শিল্পপতিকে ক্লাব বিক্রি করলে এই দেশ এবং এশিয়ার বাজার অনেকটা ধরতে পারবে লিভারপুলের সঙ্গে জড়িত স্পনসররাও।
লিভারপুল কিনতে আম্বানীর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মালিক ফোর্বসের তৈরি করা ধনীদের তালিকায় অষ্টম স্থানে রয়েছেন। তার সম্পত্তির পরিমাণ ৯৪ বিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮ লক্ষ ৯৫ হাজার ৭৯২ কোটি)। ফলে নিজের সম্পত্তির সামান্য অংশই যাবে লিভারপুলের পিছনে ব্যয় করতে।