পরীমনির বিরুদ্ধে মামলার সাক্ষীর জেরা ১৫ ডিসেম্বর

বনানী থানায় দায়েরকৃত মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষী র‍্যাবের এসআই আবু হেনা মো. মোস্তফা কামালের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

আজ সোমবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত তার সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে জেরার জন্য পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি সময়ের আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিচারক আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

মামলায় জামিনে থাকা দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। এ সময় পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দেন।

উল্লেখ্য, গত ১২ মে পরীমনির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে আবেদন করলে গত ২ জুন আদালত পরীমনির ব্যক্তিগত হাজিরা মওকুফ করেন। গত ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। গত বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত বছরের ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‌্যাব সদর দপ্তরে। পরে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।