১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩০ ও ৩১ ডিসেম্বর

বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্কুল পর্যায়ের পরীক্ষা হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর। এই পরীক্ষাও সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত হবে। গতকাল সোমবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। ওই বছরের ১৫ ও ১৬ মে প্রিলিমিনারি এবং ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। সেই পরীক্ষার নতুন তারিখ ৩৩ মাস পর ঘোষণা করা হলো।