গাইবান্ধার স্থগিত উপনির্বাচনের প্রতিবেদন ইসিতে

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত বিস্তারিত তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

তিনি বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের অনিয়ম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন পেয়েছি। তবে এটা নিয়ে আমরা কোন আলোচনা করিনি। দু’একদিনের মধ্যে এ নিয়ে বসবো। আশা করছি সামনের সপ্তাহে এবিষয়ে বিস্তারিত জানাতে পারবো। ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে অবশ্যই তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে রাশেদা সুলতানা একথা বলেন।

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন; গাইবান্ধা উপ-নির্বাচনের মতো দেখতে চান না উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা রংপুরে গাইবান্ধার মতো নির্বাচন চাই না। এ বিষয়ে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। কখনই নির্বাচন কমিশন এ ধরনের নির্বাচন চায় না। আর এজন্য প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা লাগবে। নির্বাচন সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাটা অসম্ভব ব্যাপার।

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান এই কমিশনার।

তিনি বলেন, ‘গাইবান্ধায় যে ঘটনা ঘটেছে; এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যেটা ঘটে গেছে, তা গেছে। কিন্তু তারপর জেলা পরিষদ, পাবর্তীপুর পৌরসভা ও ফরিদপুর উপনির্বাচন ভালো হয়েছে। কোথাও কোন নেগেটিভ কথাবার্তা নেই। মাঠ প্রশাসন আমাদের সহযোগিতা করবে না; এই ধরনের কোনো বিষয় মনে হচ্ছে না। নির্বাচন ধারাবাহিকভাবে চলছে। মাঠপ্রশাসন ভালোই রেসপন্স করছে।’