ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৩ ডিসেম্বর ‘হচ্ছে না’

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৩ ডিসেম্বর হচ্ছে না বলে জানা গেছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে এ সম্মেলন পেছাচ্ছে বলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। 

মঙ্গলবার সকালে গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি শেখ হাসিনা এ নির্দেশ দেন।

সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে ৩ ডিসেম্বরের পরিবর্তে ওই মাসের অন্য কোনো দিন সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র আরো জানায়, একই কারণে ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য যুব মহিলা লীগের সম্মেলনও পিছিয়ে যাচ্ছে।

এর আগে, ৪ নভেম্বর গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনে উপস্থিত থাকার সম্মতি দেন। একই সঙ্গে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সম্মেলনের বিষয়েও তিনি সিদ্ধান্ত দেন বলে বৈঠকে উপস্থিত থাকা একাধিক নেতা দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।

ছাত্রলীগের নতুন সম্মেলনের মধ্য দিয়ে পদবাণিজ্যসহ নানা অভিযোগ ওঠা সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিদায় হতে যাচ্ছেন।