নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভরার কথা পৃথিবীর আর কোথাও শুনিনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। একইসঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং এতে বিরোধীরাও অংশ নেবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আলোচনায় নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূতের এ বক্তব্য হয়ে ওঠে ‘টক অব দ্য কান্ট্রি’।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই বক্তব্য তাদের কূটনৈতিক যোগাযোগের ফলেই সম্ভব হয়েছে।
মঙ্গলবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেক দেশ রূপান্তরকে বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে প্রবাসী নেতাদের মাধ্যমে জোরেসোরে কুটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঢাকায় অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার কিংবা বিভিন্ন আন্তর্জাতিক মিশন প্রধানদের সঙ্গে বিএনপি নেতাদের যেসব বৈঠক হতে দেখা যায়, তার বেশিরভাগ ফলোআপ বৈঠক। সম্প্রতি ঢাকায় জাপানী রাষ্ট্রদূত বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে বক্তব্য রেখেছেন তা আমাদের কুটনৈতিক প্রচেষ্টারই অংশ। এভাবে সামনে আরো অনেকে এসব নিয়ে কথা বলবেন।’
সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপানের রাষ্ট্রদূত বলেছেন, গত নির্বাচনে পুলিশের বিরুদ্ধে ব্যালট বাক্স ভর্তি করার যে অভিযোগ উঠেছে, অন্যান্য দেশের ক্ষেত্রে কখনোই এমনটা শোনেননি। আগামী নির্বাচনে এ ধরনের ঘটনা হবে না বলে আশা তার।
আরেক প্রশ্নের জবাবে জাপানি রাষ্ট্রদূত জানান, গত নির্বাচনে পুলিশ যে ভূমিকা নিয়েছে এমনটা তিনি অন্য কোথাও দেখেননি। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।