বিমানের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তদন্ত চলছে। এর সঙ্গে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব কথা বলেছেন। বিমানের কাছে সিভিল এভিয়েশনের যে বকেয়া পাওনা রয়েছে তা মওকুফ করার এখতিয়ার মন্ত্রণালয়ের নেই জানিয়ে তিনি বলেন, এটা একমাত্র অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত দিতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
২৪ নভেম্বর থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট চালু হবে। একইদিন ভিসতারা এয়ারলাইনসের ঢাকা-মুম্বাই রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
মাহবুব আলী বলেন, ‘এয়ারলাইনস খাতের আরও উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী সেবার মান বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। আরও নিরাপদ ও সুন্দরভাবে এয়ারলাইনস পরিচালনার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান ও এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ।