পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, বৈঠকে বিশ্ব নেতারা

পোল্যান্ড সীমান্তে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন নিহত হয়েছেন। এঘটনায় ইন্দোনেশিয়ার বালিতে জি-৭ জোট নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছাড়াও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

স্থানীয় সময় বুধবার সকালে সংক্ষিপ্ত বৈঠকে বসেন তারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের একটি গ্রামে ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন নিহতের ঘটনা ঘটে। তবে রাশিয়া এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। খবর রয়টার্সের। 

এদিকে ঘটনার পরপরই জরুরি বৈঠক ডেকেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

এদিকে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনে জরুরি গোলটেবিল বৈঠকে বসেছে বিশ্ব নেতারা।

মঙ্গলবার দিনভর ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ দিনের হামলাকে প্রায় নয় মাসের রুশ আগ্রাসনের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে কিয়েভ। কিছু ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে আঘাত হেনেছে। শহরটির দূরত্ব পোল্যান্ড সীমান্ত থেকে ৮০ কিলোমিটারেরও কম। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলো বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরই পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা ব্যুরো জরুরি অধিবেশনে বসেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোল্যান্ডে আক্রমণ করেছে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দুজনেই ওয়ারশ'র সঙ্গে যোগাযোগ রেখেছেন।

বাইডেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গেও কথা বলেছেন।