নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ১

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) ভোর ৫টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী এলাকার সীমান্তের কাঁটাতারের বেড়া ঘেঁষে ঘটনাটি ঘটে।

আহত মোহাম্মদ বেলাল (৩০) বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পূর্বহাজীরপাড়া এলাকার আবুল হাশেমের ছেলে।

স্থানীয়রা বলেছেন, বাংলাদেশ -মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী মাটির নিচে মাইন পুঁতে রেখেছিল। প্রতিনিয়ত মাইন বিস্ফোরণে স্থানীয়রা হতাহত হন। সীমান্তের বিভিন্ন পয়েন্টে মাইনগুলো পুঁতে রাখা। তবে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তের অপরিচিত লোকজন ঢুকতে দিচ্ছে না।

এ ব্যাপারে ঘুমধুম ইউপি সদস্য মো. আলম বলেন, কয়দিন ধরে সীমান্তের মানুষদের ঘুম নেই। একটার পর একটা ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে একজন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত জেনে বলতে হবে। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম ইমন বলেন, ভোরে রামু উপজেলার কচ্ছপিয়ার ইউনিয়নের পূর্ব হাজির পাড়ার বেলাল নামে এক যুবক নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে গেলে হঠাৎ দুইটি মাইন বিস্ফোরণের প্রকট আওয়াজ শুনতে পায় সীমান্তবাসীরা।

সাথে সাথে আমাকে ফোনে ঘটনার খবরটি জানায়। তাতে ঘটনার বিস্তারিত জানতে পেরেছি। 

তিনি আরও বলেন, আঘাতপ্রাপ্ত বেলাল এর আগেও ইয়াবা বড়ি নিয়ে বিজিবির হাতে আটক হয়েছিল। সে একজন মাদক কারবারি বলে সীমান্তবাসীর কাছ থেকে জানা গেছে। অতএব এলাকাবাসী এবারেও সন্দেহ করছে ইয়াবা পাচারের কাজে সে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গিয়েছিল। সেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে এলাকাবাসী।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা মুঠোফোন রিসিভ না করার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।