টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে রাহেলা বেগম (৯৪) নামে এক বৃদ্ধা মারা গেছেন। একই খিচুড়ি খেয়ে অসুস্থ হয়েছেন শিশুসহ দুই শতাধিক ব্যক্তি। এ ঘটনায় গতকাল বুধবার সকালে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গজিয়াবাড়ি গ্রামের মৃত বিশা চৌধুরীর স্ত্রী রাহেলা বেগম গত মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম।
স্থানীয়রা জানায়, গজিয়াবাড়ি গ্রামের আক্কাস মিঞার বাড়িতে গত রবিবার রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে আগতদের মধ্যে তবারক হিসেবে বিতরণ করা হয় খিচুড়ি। ওই খিচুড়ি খেয়ে নারী ও শিশুসহ ওই গ্রামের দুই শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল টিম গজিয়াবাড়ি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের চিকিৎসা দিচ্ছেন। গতকাল বুধবার ভোরে অবস্থা আরও মারাত্মক আকার ধারণ করে। ডা. আশরাফুল আলম আরও বলেন, আক্রান্তদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।