সেন্সর ছাড়পত্র পেল স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত ও আলী আজাদ পরিচালিত সিনেমা 'পদ্মা পাড়ি'। ছবিটির প্রযোজনা সূত্র জানায়, 'সেন্সর আগেই হয়েছে, ১৫ নভেম্বর মিলেছে সার্টিফিকেট। ডিসেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।'
জানা যায়, চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সনদের জন্য জমা পড়ে জুলাই মাসে। ছাড়পত্র দিকতে আপত্তি তোলে বোর্ডের সদস্যরা। তারা এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প কর্তৃপক্ষের মতামত চান। সেতু কর্তৃপক্ষ ৭ আগস্ট চলচ্চিত্রটি পরীক্ষা করে মত দেন। প্রতিনিধিরা চলচ্চিত্রের নাম পরিবর্তনসহ কিছু কর্তন ও সংযোজনের নির্দেশনা দেন।
সেন্সর বোর্ডের আপত্তির প্রেক্ষিতে সিনেমার কিছু দৃশ্য কাটছাঁট করে পুনরায় 'পদ্মা পাড়ি' নামে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়।
পরিচালক আলী আজাদ বলেন, 'পদ্মা পাড়ি' সেতুকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে নির্মিত। সংশোধনের কারণে গল্প কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। দর্শক সিনেমাটি উপভোগ করবে। গল্পে আমি যা বলতে চেয়েছি তা ঠিকভাবেই থাকবে।
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন আর অলিভিয়া মাইশা। আরও অভিনয় করেন হিমেল রাজ, খুকুমনি, রায়হান মুজিব, শান্তা পাল, আনোয়ার সিরাজী, সাইফুল ইসলাম প্রমুখ। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়।