সংবাদ সম্মেলনে রিজভী

বিএনপির সমাবেশ সফল হওয়ায় আ.লীগের গা জ্বলছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘সিলেট, কুমিল্লা, রাজশাহী ও ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের দমনের এক তুঘলকীয় নীতি গ্রহণ করেছে। সমাবেশগুলোকে ব্যর্থ করে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দিয়ে ‘অপারেশন সার্চ লাইটের’ মতো সহিংস আক্রমণ করছে। গণদাবি নিয়ে বিএনপির কর্মসূচি সফল হওয়ায় আওয়ামী লীগের গা জ্বালা করছে।’

গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘গণমানুষের গণদাবি নিয়ে বিএনপি একের পর এক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। সব বাধা পেরিয়ে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি জনগণও স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছে। সাধারণ মানুষ দলের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে, খাবার দিয়ে সর্বাত্মক সহযোগিতা করছে। এসব দেখে সরকার কোনোমতেই সহ্য করতে পারছে না। অবৈধভাবে ক্ষমতায় এসে উন্নয়নের ফানুস উড়িয়ে মানুষকে এক ঘোর অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। এখন প্রধানমন্ত্রী নিজেকে টিকিয়ে রাখার কোনো উপায় না পেয়ে বিএনপিকে দমন করতে নির্বিচারে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করছেন।’ তিনি বলেন, ‘আকাশচুম্বী রিজার্ভের পরিমাণ, বিদ্যুতের বন্যা বইয়ে দেওয়া, জাতীয় আয়ের বৃদ্ধি নিয়ে সরকারের ফাঁকিঝুঁকি, গরমিল দিয়ে ভুয়া পরিসংখ্যান তৈরি করে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করে আসছে।’