আমড়াখালি সীমান্ত থেকে সাড়ে ১৬ কেজি সোনার বার জব্দ

ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকা থকে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। 

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়। 

আটক পাচারকারীরা হচ্ছে চাদপুর জেলার মতলব থানার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭), অপরজন একই এলাকার বারেক সরকারের ছেলে ফরহাদ হোসেন (৩২)।  

বিজিবি জানায়, বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে দুই পাচারকারী শরীরে ফিটিং করে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচার করছে - এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। পরে বিজিবি তাদের আটক করে বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। পরে তাদের দেহ তল্লাশি করে সেখান থেকে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার মূল্য সাড়ে ১৬ কেটি টাকা বলে বিজিবি জানায়। 

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোনার একাংশের মালিক স্থানীয় বড় আচড়া গ্রামের ক্ষীতিষ চন্দ্র দের ছেলে অশোক কুমার দে। তিনি ইতিমধ্যে নারী ও শিশু পাচারের সঙ্গে জড়িত আছেন বলে বিজিবি জানায়।  

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মিনহাজ আহমেদ সিদ্দিকি জানান, ভারতে পাচারের সময় আমড়াখালি সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বার জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বেনাপোল পোর্ট থানায়।