জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জে মধুমতি নদীতে পাঁচুড়িয়া খালের পুনঃসংযোগ কাজের শুভ উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ ৬৩ বছর পর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাঁচুড়িয়া খাল যৌবন ফিরে পাচ্ছে।
পাঁচুড়িয়া খাল দিয়ে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া থেকে নৌপথে গোপালগঞ্জ আসা-যাওয়া করতেন। ১৯৫৯ সালে তৎকালীন পাকিস্তান সরকার খালটির মুখ বন্ধ করে দেয়। দীর্ঘ বছর খালটির পানি প্রবাহ বন্ধ থাকায় দখল আর দূষণে মৃতপ্রায় হয়ে গিয়েছিল।
৬৩ বছর পর খালটির বন্ধ মুখ অবমুক্ত করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এতে দূষণ আর দখলের হাত থেকে রক্ষা পাবে খালটি। খালের মুখ উন্মুক্ত করার খবরে বিপুল মানুষ এর পাড়ে ভিড় করেন। তাদের চোখেমুখে ছিলে আনন্দ ও উচ্ছ্বাস।
শহরের পাঁচুড়িয়া পৌর নিউ মার্কেট এলাকায় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মধুমতি নদী আর পাঁচুড়িয়া খালের সংযোগ স্থাপন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, খালটিকে ঘিরে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি শহরবাসীর একটি দর্শনীয় স্থান হবে। এ ছাড়া জেলাবাসী খালটিকে নানা কাজে ব্যবহার করতে পারবেন।