বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্যানসার ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নারীর উন্নয়ন ও অগ্রাধিকারে সব সময় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের সৌজন্যে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২-এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় ক্যানসার ও রক্ত রোগ বিশেষজ্ঞরা। সংবর্ধনা অনুষ্ঠানে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মিসেস নুরুন্নাহার করিম জাতীয় নারী ফুটবল দলকে সম্মাননা স্মারক হিসেবে ১০ লাখ টাকার চেক প্রদান করেন। জাতীয় নারী ফুটবল দলের পক্ষে সম্মাননা স্মারক হিসেবে চেকটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং-এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্ডা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মাননীয় পরিচালক অধ্যাপক ডা. স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় ও দেশের বরেণ্য ক্যানসার ও রক্ত বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব এস এম মাহমুদুল হক পল্লব ও বিকন ফার্মাসিটিক্যালসের কর্মকর্তারা। আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড দেশের ক্যানসার ও রক্ত রোগ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, জার্সি ও ট্রফি উন্মোচিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্যানসার হাসপাতাল ও প্রতিষ্ঠানের ডাক্তারদের অংশগ্রহণে মোট ২২টি দলে বিভক্ত হয়ে আগামী ২ ডিসেম্বর, ২০২২ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে এই টুর্নামেন্টটি গড়াবে।