বাংলাদেশের ইতিহাসে এক ঘৃণিত এবং কলঙ্কজনক অধ্যায়ের নাম জেল হত্যা দিবস। বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর বুধবার কারাগারের অভ্যন্তরে বিনাবিচারে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে রচনা করা হয় এই কলঙ্কিত অধ্যায়। সেই হত্যাকান্ড নিয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরকারি অনুদানে নির্মিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাংলাদেশ ফাইল’। এতে মেজর জিয়ার চরিত্রে অভিনয় করলেন অভিনেতা দেলোয়ার হোসেন জীবন। এর আগে কুখ্যাত মেজর ডালিমের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা। বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক লোকেশনে চলচ্চিত্রটির চিত্রধারণ করা হয়েছে। জীবন বলেন, ‘অভিনয়জীবনে বিচিত্র চরিত্রে অভিনয় করেছি, তবে এই চরিত্রটি আমার কাছে ছিল অনেকটা চ্যালেঞ্জিং। তাই আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি জিয়া চরিত্রের জন্য নিজেকে বাস্তবরূপে উপস্থাপন করতে। আদালত কর্তৃক প্রমাণিত ও স্বীকৃত শব্দগুলোই এখানে সংলাপ হিসেবে ব্যবহার করা হয়েছে। কোনো নাটকীয়তা বা অতিরঞ্জিত কোনো শব্দ এখানে ব্যবহার করা হয়নি। কাজটি করতে গিয়ে আমি পরিচালক টিম, বাংলাদেশ টেলিভিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে অনেক সহযোগিতা পেয়েছিলাম।’ বর্তমানে দেলোয়ার হোসেন জীবন বেশ কিছু ধারাবাহিক ও একক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।