বাংলাদেশ সেনাবাহিনী অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২-এর সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি বলেন, ‘কার্যকর প্রশিক্ষণই সৈনিকের সর্বোত্তম কল্যাণ এবং যুদ্ধক্ষেত্রে সাফল্যের চাবিকাঠি। অ্যাসল্ট কোর্স বাংলাদেশ সেনাবাহিনীর প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে পরিগণিত হয়।’ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. ফখরুল আহসান এবং ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ জুবায়ের সালেহীনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কক্সবাজার এরিয়ার সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।