চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্ত হবে রেল নেটওয়ার্ক

চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের রেল নেটওয়ার্কের সংযোগ ঘটবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, ‘দক্ষিণ এশীয় এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে আন্তঃসংযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবে এ দেশগুলোর কেন্দ্রস্থলে রয়েছে। বর্তমানে বাংলাদেশ-ভারত রেল নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত। শিগগিরই এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার রেল নেটওয়ার্ক এবং চীনের বেল্ট ও রোড নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হবে।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ফরমুলেটিং ন্যাশনাল লজিস্টিকস ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি  ফর বাংলাদেশ : এক্সপেরিয়েন্স ফরম গ্লোবাল গুড প্র্যাকটিস’ শীর্ষক দুদিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে এসব কথা বলেন রেলমন্ত্রী। যৌথভাবে বিশ্বব্যাংক, বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় ও বিন্ড এ কর্মশালার আয়োজন করে।

রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গত কয়েক বছর ধরে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখে চলেছে এবং বিশ্বের অন্যতম অর্থনৈতিক বিস্ময় হিসেবে চিহ্নিত হয়েছে। ২০৩০ সালে ২৮তম অর্থনীতি ও ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ ২৩তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

সমাপনী এ কর্মশালায় আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র নাথ সরকার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব আলম প্রমুখ।