ঢাকা মহানগরে বিভিন্ন সড়কে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও গাড়ি পার্কিং বন্ধে তিন বছরের বেশি সময় আগে দেওয়া হাইকোর্টের রায় প্রতিপালন না করার অভিযোগ এনে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্দেশ্যে আদালত অবমাননার নোটিস পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিস পাঠান। এতে সাত দিনের মধ্যে হাইকোর্টের রায়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
নোটিসকারী আইনজীবী বলেন, ঢাকা মহানগরে বিভিন্ন সড়কে অবৈধ স্থাপনা ও গাড়ি পার্কিং বন্ধে ২০১৫ সালে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। শুনানি শেষে ২০১৯ সালে ৩ জুলাই হাইকোর্ট এ বিষয়ে পাঁচটি নির্দেশনা দেয়। এতে রাজউককে ৩০ দিনের মধ্যে ভবন মালিকদের নোটিস দিয়ে পার্কিং এরিয়া মুক্ত করতে নির্দেশ দেওয়া হয়।