নেত্রকোনার সীমান্ত এলাকায় কাঁদায় আটকে মাঝারি আকারের এক পুরুষ বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে স্থানীয়রা উপজেলার রংছাতি ইউনিয়নের পাচগাঁও সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ১১৮৩-১ এস নম্বর পিলার সংলগ্ন জনৈক কৃষক মনসুরের খেতে মৃত অবস্থায় হাতিটিকে দেখতে পায়।
স্থানীয়রা জানায়, সীমান্তে কৃষকদের আমন খেতের ধান পাকা ও আধা পাকা অবস্থায় রয়েছে। সম্প্রতি কিছু দিন যাবৎ সন্ধ্যা হলে ভারতীয় সীমান্ত পার হয়ে দল বেঁধে বন্য হাতির পাল আমন খেতে প্রবেশ করে এবং ধানের থোড় খেয়ে ফসলের ক্ষতি সাধন করে যাচ্ছে। সীমান্তবর্তী কৃষকেরা একত্রিত হয়ে রাতের বেলায় মশাল জ্বালিয়ে পাহারার ব্যবস্থা করেছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে আটটি হাতির একটি পাল প্রবেশ করে ধানের ক্ষতি সাধন শুরু করে। এলাকাবাসীর তাড়া খেয়ে হাতির পাল সীমান্তের ওপারে চলে যায়। সকাল বেলা গ্রামবাসীরা দেখতে পান একটি মাঝারি আকারের পুরুষ হাতি কাঁদা মাটিতে আটকে মৃত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের ধারণা গত রাতে তাড়া খেয়ে হাতির পাল থেকে এক হাতি কাঁদায় আটকে রাতের কোন এক সময় মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয় কৃষক জহির খান জানান, তার তিন একরের আমন ধান খেতের এক একরের বেশি ধান ক্ষতি করেছে হাতির পাল।
ব্যবসায়ী রতন মিয়া জানান, সীমান্ত পার হয়ে হাতিপাল তাদের ফসলের ক্ষতিসাধন না করতে পারে। এ ব্যাপারে তিনি বন বিভাগের দৃষ্টি কামনা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হাদিউল ইসলাম বলেন, প্রতি বছর এই সময়ে হাতির পাল নেমে আসে ফসল ও বাড়ি-ঘরের ক্ষতিসাধন করে। দুঃখের বিষয় বন বিভাগ ও সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। কিছুদিন আগে আমার ওয়ার্ডের এক কৃষক হাতির আক্রমণে মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এক হাতির মৃত্যুতে প্রতিশোধ নিতে দল বেঁধে যে কোন সময় হাতির পাল এসে বাড়ি-ঘরে হামলা চালাতে পারে। এ নিয়ে আমরা গ্রামবাসীরা আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে আছি।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে হাতি মৃত্যুর খবরটি পেয়েছি। বিষয়টি বন বিভাগ ও উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবগত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।
চলতি মাসের গত ১৪ নভেম্বর রাত ৯টার দিকে একই ইউনিয়নের বেতগড়া এলাকায় সীমান্ত পার হয়ে ধানি জমিতে হাতির পাল নেমে আসে। স্থানীয় কৃষকেরা মশাল জ্বালিয়ে তাড়ানোর সময় এক হাতির আক্রমণে সন্যাসীপাড়া এলাকার মো. মফিজুল ইসলামের ছেলে মো. নূরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়।