রোনালদোকে ছাড়াই পর্তুগালের বড় জয়

অসুস্থতার কারণে ক্রিস্তিয়ানো রোনালদো ছিলেন না। তবে বিশ্বকাপের মূল লড়াই শুরু আগে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জিততে কোনো অসুবিধাই হয়নি পর্তুগালের। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।

লিসবনে বৃহস্পতিবার নাইজেরিয়াকে ৪-০ গোলে হারায় পর্তুগাল। প্রথমার্ধেই জোড়া গোল করেন ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে জাল খুঁজে নেন গোনকালো রামোস এবং জোয়াও মারিয়ো।

ম্যাচের পর পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘এটা আমাদের জন্য একটি চমৎকার ম্যাচ ছিল। এরপরে ঘানার বিপক্ষে আমাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার জন্যেও আমরা প্রস্তুত।’

আগামী ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগাল। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।